জমি থাকলেও বিরোধের কারণে সেখানে ঘর তুলতে পারেননি দৃষ্টিপ্রতিবন্ধী বিপদভঞ্জন পাল ও তাঁর স্ত্রী মায়া রানী। জীবিকার প্রয়োজনে এই দম্পতিকে নির্ভর করতে হয় ভিক্ষাবৃত্তির ওপর। তাদের এই অসহায় অবস্থার কথা জানার পর ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এই দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম জাগো নিউজকে বলেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের দুর্ভোগের কথা জেনে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তা তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জমি-সংক্রান্ত জটিলতা নিরসনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজেদের জমিতে নিরাপদ আশ্রয় গড়ে তোলার মধ্য দিয়ে দম্পতিটি যাতে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটিই প্রশাসনের লক্ষ্য। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

দম্পতির অবস্থা

বিপদভঞ্জন পাল ও মায়া রানীর বাড়ি ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান বিপদভঞ্জন। অন্যদিকে মায়া রানী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী।

দুজনেই দৃষ্টিশক্তিহীন হওয়ায় দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে সংসার পরিচালনা—সব ক্ষেত্রেই তাদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

এই দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল একটি রাইস মিলে শ্রমিকের কাজ করেন। তাঁর সীমিত আয়ে সংসারের খরচ মেটানো কঠিন। ফলে বয়স ও শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতে হয় বিপদভঞ্জন ও মায়া রানীকে।

আগেও সহায়তা মিলেছিল

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে এই দম্পতিকে দুই বান্ডিল টিন ও ১৬ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল। তবে অর্থসংকটে ঘর নির্মাণের কাজ শেষ করতে পারেননি তাঁরা।

ওয়ারিশ সূত্রে পাওয়া তিন শতাংশ জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে ঘর নির্মাণে বাধা তৈরি হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দম্পতির নামে জমির নামজারির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে মিসকেস করা হয়েছে।

জেলা প্রশাসনের নতুন আর্থিক সহায়তায় এবার নিজেদের জমিতে ঘর নির্মাণের আশা দেখছেন বিপদভঞ্জন পাল ও মায়া রানী। জমির বিরোধ নিষ্পত্তি ও নামজারি সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের আবাসন অনিশ্চয়তা কাটবে বলে আশা করছে প্রশাসন।

Source: জাগো নিউজ২৪