বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। সরবরাহ বাড়ার ইঙ্গিত এবং বাজারে তেলের উদ্বৃত্ত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার (২৪ নভেম্বর) দাম প্রায় তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বাজারে অনিশ্চয়তা ধরে রেখেছে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৮৯.১০ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুর দিকে এই তেলের দাম গত ২৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নামে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৯.৯৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এই তেলের দাম গত ১০ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
সরবরাহ স্বাভাবিক থাকায় চাপ কমেছে
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলেও সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকায় সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম বাড়ার গতি কমেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাজারে ভবিষ্যতে তেলের অতিরিক্ত সরবরাহের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন—এই দুটি বিষয়ই বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন, তেলের দাম আবার বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
সুব্রো সরকার আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই পক্ষ হরমুজ প্রণালি অবরোধ নিয়ে একে অপরের অবস্থান পরীক্ষা করতে পারে।
নৌমাইনে জাহাজে আগুনের দাবি, সাইবার হামলার তদন্ত
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ দাবি করেছে যে নিষেধাজ্ঞা অমান্যকারী তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। এই দাবির স্বাধীনভাবে নিশ্চিতকরণের কোনো তথ্য প্রতিবেদনে নেই।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যুক্তরাষ্ট্র তদন্ত করছে।
লিবিয়ার পাইপলাইন পুনরায় চালু
তেলের সরবরাহ বাড়ার আরেকটি ইঙ্গিত এসেছে লিবিয়া থেকে। দেশটির শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি গোষ্ঠী অবৈধভাবে পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ার পর তা পুনরায় চালু করা হয়। লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, পাইপলাইন দিয়ে তেল প্রবাহিত হয়ে জাওইয়ার আকাকুস স্থাপনার সংরক্ষণাগারে জমা হতে শুরু করেছে।
বাজার এখনো অস্থিতিশীল
বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দাম কমাতে সাহায্য করলেও বাজার এখনো বেশ অস্থিতিশীল। এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেছেন, তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাজার এখনো চাপের মধ্যে রয়েছে।
তাঁর মতে, তেলের দাম, সরবরাহ চুক্তি, পরিশোধন খাতের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান দেখে মনে হচ্ছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, তেল পরিবহনে এখনো নানা বাধা রয়েছে এবং মজুতের পরিমাণও সীমিত। ফলে বাজার তীব্র সরবরাহ সংকট থেকে বেরিয়ে এলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরছে না; বরং দীর্ঘস্থায়ী ঝুঁকির মধ্যে রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
Source: জাগো নিউজ২৪






