যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও তার সঙ্গে থাকা লোকমান হোসেন আহত হয়েছেন। বোমার আঘাতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই গ্রামের বাসিন্দা বলে তিনি উল্লেখ করেন।

আহত তবিবুর রহমান বলেন, তারা কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক।

এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, তারা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ ঠেকানোর পর বাড়ি ফিরছিলেন। এসময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল আরও জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Source: জাগো নিউজ২৪