মিয়ানমারের হাজারো অভিবাসী ও শরণার্থীকে আগামী ডিসেম্বর থেকে ধাপে ধাপে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী জানান, নৌবাহিনীর তিনটি জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে এবং বিমানে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে মিয়ানমারে পাঠানো হবে। প্রত্যাবাসনের ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেক মানুষ মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। তবে শরণার্থীদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ার মতো আর্থিক সামর্থ্য মালয়েশিয়ার নেই। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও সফল হয়নি।

মালয়েশিয়ার এ ঘোষণার কয়েক দিন আগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় দিয়েছেন। রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের কর্তৃপক্ষকে শরণার্থীদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে।

তবে মিয়ানমারে শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দেশে ফিরে তারা বিপদের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা সংস্থাটির। এ কারণে মালয়েশিয়ার প্রত্যাবাসন পরিকল্পনা বন্ধের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে কাউকেই সেখানে ফেরত পাঠানো উচিত নয় বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত সেপ্টেম্বরেও প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু করে মালয়েশিয়া। তবে ওই উদ্যোগেরও বিরোধিতা করেছিল জাতিসংঘ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছেন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা মুসলিম। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে তাদের অনেকেই বাংলাদেশে পালিয়ে আসেন। পরে তাদের অনেকে মালয়েশিয়ায় আশ্রয় নেন। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের অনেকে সে সময় হত্যা, ধর্ষণ এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছিলেন।

এদিকে মালয়েশিয়ায় শরণার্থীদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের আশ্রয় দেওয়ার খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

অন্যদিকে গত অক্টোবরেও মালয়েশিয়া সরকার জানিয়েছিল, ফেরত পাঠানো কয়েক শ মিয়ানমারের নাগরিককে দেশটির সামরিক বাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছিল মালয়েশিয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান

Source: জাগো নিউজ২৪