বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিমন্ত্রী ইয়োহান সাথফ।

বৈঠকে বাংলাদেশ-জার্মানি উন্নয়ন সহযোগিতার আওতায় দুই দেশের সরকার পর্যায়ের (জিটুজি) আলোচনা সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ সরকারের অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি যে উদ্যোগগুলোর কথা তুলে ধরেন সেগুলোর মধ্যে রয়েছে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি কার্যক্রম, শিক্ষা ও নারীর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কার্যক্রম।

জার্মানির সংসদীয় প্রতিমন্ত্রী ইয়োহান সাথফ বাংলাদেশে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা শিবির এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শনের কথা স্মরণ করেন। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান শুক্রবার এসব তথ্য জানান।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪