কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আমিন রাফি উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ভাড়া নিয়ে ওই বিউটি পার্লারটি পরিচালনা করতেন।

পুলিশ জানায়, পার্লারের ভেতরে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্লারের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক অনটন থেকে হতাশ হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এটি প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Source: জাগো নিউজ২৪