মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা এখন ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। নিরাপত্তাজনিত কারণে শতাব্দীপ্রাচীন, সুরক্ষিত ও সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত এমন আবাসনগুলোতে উঠেছেন মন্ত্রিসভার সদস্যরা। তাদের দাবি, ওয়াশিংটনের অন্য যেকোনো জায়গার তুলনায় এসব সামরিক আবাসনে তারা বেশি নিরাপদ।
ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে থাকছেন। অতীতে কোনো প্রেসিডেন্টের আমলে এত বেশি বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা সামরিক ঘাঁটিতে বসবাস করেছেন, এমন নজির বিরল। সাধারণত এসব আবাসন সামরিক বাহিনীর জেনারেল ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকত। দেশটিতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি, অভ্যন্তরীণ হুমকি ও বিদেশি প্রতিপক্ষের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই প্রবণতা বাড়ছে।
বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—যে দলের সরকারই ক্ষমতায় থাকুক, শীর্ষ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঐতিহ্য অনুযায়ী, বেসামরিক সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে একই এলাকায় বসবাস করেন। কিন্তু সামরিক ঘাঁটিতে চলে যাওয়ায় তারা সাধারণ মানুষের জীবনযাপন ও পরিবেশ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নিরাপত্তার নামে ওয়াশিংটন থেকে বিচ্ছিন্ন প্রশাসন ট্রাম্প ওয়াশিংটনকে নিজের মতো করে সাজানোর উদ্যোগ নিয়েছেন। শহরকে অনিরাপদ মনে করে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউজে বিশাল বলরুম নির্মাণ ও সরকারি গলফ কোর্স পুনর্গঠনের মতো উদ্যোগ নিয়েছেন তিনি। কিন্তু এর মধ্যে তার প্রশাসনের কর্মকর্তারা আগের যেকোনো সরকারের তুলনায় শহর ও সাধারণ মানুষের কাছ থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, “এ ধরনের দায়িত্বে থাকলে তারা এমনিতেই এক ধরনের বুদবুদের মধ্যে বসবাস করেন। তাদের নিরাপত্তাকর্মী থাকে, এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে কিংবা বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন আরও নাটকীয়ভাবে তারা এমন এলাকায় বসবাস করছেন, যেখানে আমাদের অধিকাংশ মানুষ বাস করে না।” তিনি আরও বলেন, এর ফলে সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতা আরও বাড়ছে, যা অত্যন্ত দুঃখজনক।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা অবশ্য দাবি করেছেন, ওয়াশিংটনে অপরাধ কমেছে। তবে অনেক মন্ত্রিসভার সদস্য নিরাপত্তার হুমকির কারণে শহরের সাধারণ এলাকায় বসবাস করতে পারছেন না। একই সঙ্গে তিনি বলেন, প্রশাসনের এসব কর্মকর্তা রাজধানীকে নিরাপদ ও সুন্দর করার উদ্যোগে ব্যক্তিগতভাবে অবদান রাখছেন।
তবে কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাস নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে। হাউজ আর্মড সার্ভিসেস কমিটি আগামী বসন্তের মধ্যে পেন্টাগনের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছে। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা সামরিক আবাসনে কেন থাকছেন, তাদের বিরুদ্ধে কী ধরনের হুমকি রয়েছে, এ ব্যবস্থার আইনি ভিত্তি কী ও তারা কত ভাড়া দিচ্ছেন—এসব তথ্য প্রতিবেদনে দিতে হবে।
এ প্রতিবেদন তৈরির প্রস্তাবে হাউজ আর্মড সার্ভিসেস কমিটির অনুমোদন পাওয়া ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস বলেন, রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে বসবাস করছেন। তারা ন্যায্য বাজারমূল্যের ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন।
সামরিক ঘাঁটিতে উঠেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা
ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সর্বশেষ সামরিক আবাসনে উঠেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জর্জটাউনে নিজের বড় বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে চলে গেছেন। চলতি মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বেসেন্ট বলেন, ইরানের পক্ষ থেকে তার প্রাণনাশের হুমকির কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপসহ অর্থনৈতিক চাপের অভিযান পরিচালনা করছেন তিনি।
বেসেন্ট বলেন, “ইরানের নেতৃত্বের প্রতি আমার ঘৃণা। আমি ভয় পেয়ে যাব না। তারা আমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ভীত হব না।”
অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও সম্প্রতি নিরাপত্তার উদ্বেগ থেকে সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন বলে এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন। কিছু কর্মকর্তা বিদেশি হুমকির কারণে সুরক্ষিত আবাসনে চলে গেলেও অন্যরা দেশীয় রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড ও তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্বাসযোগ্য হুমকি বেড়ে যাওয়ার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।
চার সন্তানের বাবা-মা হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি গত বছর ভার্জিনিয়ায় নিজেদের বাড়ি ছেড়ে সামরিক আবাসনে চলে যান। তাদের বাড়ির সামনে এক নারী বিক্ষোভ করেন ও তাদের ঠিকানা লেখা প্রচারপত্র বিতরণ করেন। হোয়াইট হাউজের কর্মকর্তা বলেন, মিলার পরিবারকে লক্ষ্য করে পরিকল্পিত ও নথিভুক্ত অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির প্রচারণা চালানো হয়েছিল। এ কারণেই তারা স্থানান্তরিত হয়েছেন।
সামরিক আবাসনের ভাড়া ও সংস্কার নিয়ে বিতর্ক
সামরিক আবাসনে বসবাসের খরচ নিয়েও বিতর্ক রয়েছে। গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ফোর্ট ম্যাকনেইরের বাসভবন মেরামত ও সংস্কারের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয় করতে প্রস্তুতি নিচ্ছিল—এ তথ্য প্রকাশের পর আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।
সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাড়ির ধরন অনুযায়ী সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া গুনতে হয়। এ ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়কার একটি নীতির প্রভাব রয়েছে। তিনি জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। গেটসই প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক আবাসনে বসবাস শুরু করেন। নেভি হিল এলাকায় পররাষ্ট্র দপ্তরের পাশে অবস্থিত ১৯ শতকের ঐতিহাসিক ও বিশাল একটি বাড়িতে থাকতেন তিনি।
তখনকার ফেডারেল আইন অনুযায়ী, সামরিক ঘাঁটির আবাসন কোনো বেসামরিক ব্যক্তি ভাড়া নিলে স্থানীয় এলাকায় একই ধরনের বেসামরিক বাড়ির বাজারমূল্যের সমান ভাড়া দিতে হতো। ফলে গেটসের ভাড়া মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি দাঁড়িয়েছিল। ২০০৮ সালে পেন্টাগন আইনের পরিবর্তন চেয়ে যুক্তি দেয়, সামরিক ঘাঁটিতে বসবাসের ফলে করদাতাদের অর্থ সাশ্রয় হয়। কারণ সেখানে আগে থেকেই সামরিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে, কোনো বেসামরিক বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা স্থাপন এবং ২৪ ঘণ্টা নিরাপত্তাকর্মী রাখার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হয়। কংগ্রেস এ পরিবর্তনে সম্মতি দেয়।
এরপর থেকে গেটস ও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের ভাড়ার তুলনায় মাত্র ৫ শতাংশ বেশি ভাড়া দিয়ে সামরিক আবাসনে বসবাসের সুযোগ পান। গেটস চেয়েছিলেন তার পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরাও এই সুবিধা গ্রহণ করবেন। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস নৌবাহিনীর আবাসনে ওঠার আগ পর্যন্ত আর কোনো মন্ত্রিসভার সদস্য সেখানে বসবাস করেননি।
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই নৌ আবাসনে বসবাসের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু নৌবাহিনী তার প্রস্তাবকে ‘সমস্যাজনক’ বলে বিবেচনা করে। সিএনএনের হাতে আগে আসা নৌবাহিনীর একটি অভ্যন্তরীণ স্মারকে বলা হয়, এ ব্যবস্থায় তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিক সমস্যা রয়েছে। স্মারকে আরও বলা হয়, সামরিক আবাসনের সংকটের মধ্যে একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রীর সেখানে বসবাস করলে সামরিক সদস্যদের আবাসন থেকে বঞ্চিত করার বিষয়টি অনৈতিক মনে হতে পারে। তখন নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আবাসনের অপেক্ষমাণ তালিকাও ছিল। শেষ পর্যন্ত পম্পেও সামরিক আবাসনে বসবাস করেন। তবে তিনি ভার্জিনিয়ার ফোর্ট মায়ার ঘাঁটিতে ওঠেন।
‘জেনারেলস রো’তে প্রতিবেশী মন্ত্রীরা, পোষা প্রাণী নিয়েও মজার ঘটনা
আট বছর আগে যে ব্যবস্থাকে সমস্যাজনক মনে করা হয়েছিল, এখন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সামরিক আবাসনে বসবাস অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। স্টিফেন মিলার পরিবার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একই ফোর্ট ম্যাকনেইর ঘাঁটিতে বসবাস করছেন। তাদের বাড়িগুলোকে বলা হয় ‘জেনারেলস রো’। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলের একটি উপদ্বীপে অবস্থিত এই সামরিক ঘাঁটিতে সাধারণত উচ্চপদস্থ জেনারেলদের জন্য নির্ধারিত বাড়িগুলো রয়েছে।
চলতি বছরের শুরুতে কেটি মিলারের পডকাস্টে উপস্থিত হয়ে রুবিও ও তার স্ত্রী একটি মজার ঘটনা বর্ণনা করেন। তাদের গোল্ডেনডুডল জাতের একটি কুকুর ভুল করে হেগসেথের বাড়ির দরজা দিয়ে ঢুকে পড়েছিল। রুবিও বলেন, “এর উল্টো দিকও আছে। পিটের একটি বিড়াল প্রায়ই রাতে আমি বাড়ি ফিরলে আমার বারান্দায় বসে থাকে। এমনভাবে তাকায় যেন বলছে, তুমি এখানে কী করছ?” তিনি আরও বলেন, “বিড়ালটা আমার বারান্দায় বসে এমন ভাব করে, যেন আমি তার বাড়িতে ঢুকে পড়েছি। অথচ তার বাড়ি আমার বাড়ি থেকে দুই বাড়ি দূরে।”
আমেরিকান ইউনিভার্সিটির থমাস কান ফোর্ট ম্যাকনেইর সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন। তার ভাষায়, এটি ‘নিজস্ব একটি জগৎ’। সেখানে দোকান রয়েছে ও একসময় ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টগুলোর কয়েকটি ছিল। কান বলেন, “সেখানে পরিবেশটা কিছুটা অদ্ভুত। কারণ পুরো জায়গাটি দেয়াল দিয়ে ঘেরা এবং বাইরের মানুষের প্রবেশ সীমিত।” তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি ক্রমেই বাড়ছে। এটি তাদের সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দিচ্ছে। আমার মনে হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও দেখতে হবে।”
তবে সামরিক আবাসনে বসবাসের কিছু অসুবিধাও রয়েছে। ওয়াশিংটনের সামরিক আবাসনে আগে বসবাস করেছেন এমন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বাড়িগুলো বড় হলেও সেখানে বিলাসিতার কিছু নেই। তিনি বলেন, “এটুকু বলি, বাড়িটি ছিল প্রায় এক শতাব্দী পুরোনো। এটি ব্যবহারযোগ্য সামরিক আবাসন, কিন্তু বিলাসবহুল নয়।”
সূত্র: সিএনএন
Source: জাগো নিউজ২৪






