যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। এই হামলার কারণে সামরিক বাহিনীর কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিষয়টির সঙ্গে পরিচিত তিন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ানের উন্নয়ন ও হালনাগাদ কার্যক্রম চালানোর সময় এই হ্যাকিং শনাক্ত করা হয়। হামলার ফলে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে হামলাকারী কারা, তারা কতটুকু তথ্য হাতিয়ে নিয়েছে বা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, কোনো নির্দিষ্ট নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ক্লাউড ওয়ান কী এবং কীভাবে কাজ করে

বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রমের তথ্য একীভূত করতে ২০১৭ সালে চালু করা হয় ক্লাউড ওয়ান। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন মেটাতে একক প্ল্যাটফর্ম হিসেবে এটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড অবকাঠামো একত্র করে এতে বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়।

এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, বেতন, রসদ সরবরাহ, যন্ত্রপাতি ও সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ পরিচালিত হয়। ক্লাউড ওয়ানে থাকা গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষার রাডার ও অন্যান্য তথ্য একত্র করা হয়। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’, যা বিশ্বের ২০০টিরও বেশি স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং হিসাব রাখে।

ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রতিক্রিয়া

২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC)। পরে এই দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে এসএআইসি সাড়া দেয়নি। লেইডোস এ বিষয়ে বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

হামলার গুরুতরতা ও তদন্ত

সংশ্লিষ্ট দুই ব্যক্তির মতে, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর একটি। তাঁদের একজন বলেন, ‘এখানে হ্যাকিংয়ের ঘটনা অত্যন্ত গুরুতর।’ হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার বাহিনী সাইবার কমান্ডকে তদন্তে যুক্ত করা হয়েছে বলে একজন সূত্র জানিয়েছেন। তবে সাইবার কমান্ড এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

কার্যক্রম ব্যাহত ও নিরাপত্তা সংশোধনী আটকে

হ্যাকিংয়ের পর ক্লাউড ওয়ান শনাক্ত হওয়ার পর বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও এ বিষয়ে অবগত আরেকজন জানিয়েছেন, দীর্ঘদিনের সামরিক অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে একাধিক গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা এসব অ্যাপ্লিকেশনে প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধনী বা প্যাচ প্রয়োগ করতে পারছেন না।

একজন সূত্র জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকার বা অ্যাডমিন অ্যাক্সেস বাতিল করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচ সূত্রই পরিচয় প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন।

হ্যাকিংয়ের পদ্ধতি

এক সূত্রের দাবি, সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ক্লাউড ওয়ানের ‘কন্ট্রোল প্লেন’ বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রবেশ করেছে। তিনি কন্ট্রোল প্লেনকে একটি সার্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। কারণ, এই ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে হ্যাকাররা সামরিক বিমানগুলোর কার্যকর অবস্থান বা খুচরা যন্ত্রাংশের চলাচল সম্পর্কে তথ্য যাচাই করতে পারে। তবে এই হামলায় হ্যাকাররা বাস্তবে এসব তথ্য দেখতে পেরেছে কি না, তা নিশ্চিত নয়। রয়টার্সও হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় ধারাবাহিক সাইবার হামলা

ক্লাউড ওয়ান হ্যাক হওয়ার খবর এমন সময়ে সামনে এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলা চালানোর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ বাড়ছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কগুলোর ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষভাবে বিপজ্জনক। কারণ এআই মডেল ব্যবহার করে দ্রুত ও ব্যাপক পরিসরে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করা সম্ভব।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সংস্থাকে সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার পরিণতি মোকাবিলা করতে হচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের ওপর দুটি হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি হ্যাকিং, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি সাইবার হামলা এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ে হ্যাকিংয়ের ঘটনা।

ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরে হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়ে আসছে। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক মন্তব্যে প্ল্যাটফর্মটির নেতৃত্ব দাবি করেছিল, বিপুলসংখ্যক হ্যাকিংয়ের চেষ্টা সত্ত্বেও তারা সেগুলো প্রতিহত করতে ‘১০০ শতাংশ সফলতা’ অর্জন করেছে। সেই লেখায় ক্লাউড ওয়ানের নেতৃত্ব আরও বলেছিল, নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই। তবে এবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ এই ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনায় সামরিক তথ্য ও প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Source: জাগো নিউজ২৪