রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু নির্দেশনা অগ্রহণযোগ্য মনে করলে তা মানবে না বলে জানিয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত বুধবার রাজধানী নেপিডোতে মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা বলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়।

প্রেসিডেন্ট বলেন, গণহত্যা শব্দটি ব্যবহারের কারণে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ভাবমূর্তি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তিনি আইসিজের মামলাটিকে মিয়ানমারের বিরুদ্ধে ‘একপক্ষীয় অভিযোগ’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, গত সাত বছর ধরে মামলার শুনানিতে অংশ নিয়ে লিখিত ও মৌখিকভাবে বিভিন্ন তথ্য, নথি ও প্রমাণ উপস্থাপন করেছে মিয়ানমার।

তবে রায়ের কোন কোন নির্দেশনা তাঁর কাছে অগ্রহণযোগ্য, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মিন অং হ্লাইং। তিনি শুধু জানিয়েছেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, তবে অগ্রহণযোগ্য কোনো নির্দেশনা মানবে না।

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন যে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন।

আদালত রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে রায়ে।

এর আগে, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে রোহিঙ্গা গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে সরাসরি দায়ী করার ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। রায় বাস্তবায়ন এবং মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে বিভিন্ন মহল।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, জাগো নিউজ ইন্টারন্যাশনাল

Source: জাগো নিউজ২৪