কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের আলাদা দুই আদালতে বিচার করা হবে। শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেল হাজতে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।

আইনজীবী মো. কাইমুল হক রিংকু আরও জানান, অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কিশোর আদালতে (জুভেনাইল কোর্ট) এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।

তিনি আরও বলেন, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে বলে তারা জানতে পেরেছেন। তবে রাষ্ট্রপক্ষ তাদের মতো করেই কাজ করে যাবে বলে তিনি মন্তব্য করেন।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের আলাদা আদালতে বিচার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অপ্রতিম। পরের দিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তথ্যসূত্র: জাগো নিউজ বাংলাদেশ।

Source: জাগো নিউজ২৪