বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ ও পাটপণ্য আমদানির জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ সময় এসব বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

সাক্ষাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময় প্রয়োজন।

বৈঠকে কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও মিশরের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪