রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জনের একটি দল একটি নির্জন স্থানে পিস্তল দেখিয়ে একটি ইজিবাইকের গতি রোধ করে। এরপর ওই গাড়িতে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা এবং একটি প্রাইভেটকারের যাত্রীরা ছিনতাইকারীদের ধাওয়া করে তিনজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকদের হেফাজতে নেয়।
পুলিশ আটকদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও ‘টিএফটি ৪৫২১৭’ এবং ‘পিটি ৮০৯’ লেখা একটি গুলিবিহীন বিদেশি পিস্তল জব্দ করে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪ নম্বরের একটি সাদা প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর/মটকচর গ্রামের দবির উদ্দিনের ছেলে জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, একটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Source: জাগো নিউজ২৪






