কুড়িগ্রাম জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নারী ও শিশু নির্যাতনের ৯৪টি ঘটনার তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদের কুড়িগ্রাম শাখা।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে প্রেস ক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারাদেশে ৩৯ ধরনের সহিংসতার শিকার হয়েছেন তিন হাজার ৬৭ জন নারী। এসব ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা দুই হাজার ৪০টি। একই সময়ে কুড়িগ্রামের হাসপাতালগুলোতে নারী ও শিশু নির্যাতনের ৯৪টি ঘটনার তথ্য পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের সমন্বয়কারী রেশমা চৌধুরী, সলিডারিটির প্রতিনিধি বদরুন্নেছা বীথি ও নারী সংগঠনের নির্বাহী প্রধান ফরিদা ইয়াসমিন। বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের শিকার নারীদের আইনি সহায়তা নিশ্চিত করা এবং বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
Source: জাগো নিউজ২৪






