সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত সোনা (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৬ ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এ সোনা জব্দ করা হয়। এনএসআইয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে আট যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত সোনা জব্দ করা হয়। পরে শুল্ক বাবদ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযানের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জানা গেছে, সোনা চোরাচালানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






