খাগড়াছড়ির রামগড়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠিয়ে জবাব না পেয়ে সরাসরি বাসায় গিয়ে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে শাহাদাৎ হোসেন ওই নারীকে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশালীন ও আপত্তিকর বার্তা পাঠিয়ে আসছিলেন। তবে ভুক্তভোগী নারী এসব বার্তার কোনো উত্তর দেননি। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তি সরাসরি ওই নারীর বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন। এ সময় মেসেঞ্জারে পাঠানো বার্তার জবাব না দেওয়ায় ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি।
একপর্যায়ে নিরাপত্তাহীনতা বোধ করে ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে রামগড় থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






