বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ও ই-ভিসা সুবিধা চালু করেছে মালদ্বীপ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির অভিবাসন বিভাগ এ সুবিধা চালুর ঘোষণা দেয়। নতুন ব্যবস্থায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশি পর্যটকেরা এখন ই-গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

নতুন ব্যবস্থায় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর পর্যটকদের স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা দেওয়া হবে। ফলে ভিসা পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন বা অপেক্ষা করতে হবে না। এ ব্যবস্থায় পর্যটকদের পরিচয় যাচাইয়ের জন্য মুখ ও চোখের আইরিস শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে যোগ্য পর্যটকের পরিচয় যাচাই করে মাত্র ৬ থেকে ৭ সেকেন্ডে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও যাত্রীদের ভিড় কমবে বলে ধারণা করা হচ্ছে।

ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৩৫টি ই-গেট চালু রয়েছে। এর মধ্যে ২০টি আগমনী যাত্রীদের জন্য এবং ১৫টি বহির্গামী যাত্রীদের জন্য রাখা হয়েছে। এর আগে কেবলমাত্র মালদ্বীপের নাগরিকেরা এ সুবিধা পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশি পর্যটকেরাও ই-গেট ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে ৪৬টি দেশের পাসপোর্টধারী পর্যটকেরা এ সুবিধা পাবেন। তবে তাদের ৩১টি নির্ধারিত এয়ারলাইনসের কোনো একটিতে ভ্রমণ করতে হবে। এ জন্য পর্যটকদের ই-পাসপোর্ট থাকতে হবে এবং নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। ই-গেটে পর্যটকদের মুখ ও চোখের আইরিসের তথ্য পাসপোর্টের চিপে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। এতে পাসপোর্টের চিপে থাকা তথ্য সঠিক কি না এবং সেটি আসল নাকি নকল, তা যাচাই করা যাবে। ফলে পরিচয় জালিয়াতি ঠেকানোর পাশাপাশি সীমান্তের নিরাপত্তাও জোরদার হবে।

অন্যদিকে, মালদ্বীপে পর্যটক ভিসায় প্রবেশকারী বিদেশিরা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা পাবেন। পর্যটকেরা ই-গেট ব্যবহার করুন অথবা ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন, দুই ক্ষেত্রেই এ সুবিধা পাওয়া যাবে। ভিসার মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য পর্যটকদের দেওয়া ই-মেইল ঠিকানায় পাঠানো হবে।

এ জন্য পর্যটকদের মালদ্বীপে যাওয়ার আগে আইএমইউজিএ (IMUGA) পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন জমা দিতে হবে। সেখানে দেওয়া ই-মেইল ঠিকানায় ভিসার তথ্য পাঠানো হবে। আবার মালদ্বীপ ছেড়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তাদের ভিসা বাতিল হয়ে যাবে।

এ উদ্যোগের মাধ্যমে বিদেশি পর্যটকদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ করতে চায় মালদ্বীপ সরকার। একই সঙ্গে বিমানবন্দরে অপেক্ষার সময় ও যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্য রয়েছে দেশটির।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল, মালদ্বীপের অভিবাসন বিভাগ

Source: জাগো নিউজ২৪