বর পাকুড়গাছ, কনে বটগাছ। মানুষের বিয়ের মতোই ছিল বরযাত্রা, শুভদৃষ্টি, সাত পাক, মন্ত্রপাঠ, অগ্নিসাক্ষী ও ভোজের আয়োজন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সনাতন ধর্মীয় রীতি মেনে পুরোহিতের মন্ত্রপাঠ ও অগ্নিসাক্ষীর মধ্য দিয়ে এ ব্যতিক্রমী বিয়ে সম্পন্ন হয়। দুই দিন ধরে এ বিয়েকে ঘিরে উৎসবে মেতে ওঠেন শত শত গ্রামবাসী।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রামে পাশাপাশি থাকা প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ ও একটি পাকুড়গাছ ২০২৩ সালের অক্টোবরে ঝড়ে ভেঙে পড়ে। সেই স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা পাশে নতুন করে একটি বটগাছ ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছর ধরে পরিচর্যা করে গাছ দুটি বড় হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা তাদের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন।
পাকুড়গাছটির নাম রাখা হয় ‘তীর্থ শিকদার’। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে এর নামকরণ করা হয়। অন্যদিকে বটগাছটির নাম রাখা হয় ‘শুক্লা সরকার’, বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে।
আনুষ্ঠানিকতা শুরু হয় গত বৃহস্পতিবার রাতে। পুরোহিত মনতোষ গোস্বামী মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার সূচনা করেন। এ সময় শুভদৃষ্টি ও সাত পাকের আয়োজন করা হয়। প্রতীকী বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে ছোট ছেলেমেয়েরা ফিতা দিয়ে পথ আটকে দেয়। পরে ৫০০ টাকা দিয়ে ফিতা কেটে বরযাত্রীরা প্রবেশ করেন।
শুক্রবার বেলা ১১টার দিকে বর-কনের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দুপুর ২টার দিকে পুরোহিত অগ্নিসাক্ষী রেখে মন্ত্রপাঠ করেন। এ সময় ১০ থেকে ১৫ জন নারী প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে সাত পাক ঘোরান। শতাধিক নারী উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করেন। পরে কয়েকশ মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, তাঁর জন্মের আগে থেকেই পুরোনো গাছ দুটি ছিল। তাঁর ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি। এগুলো এলাকার পরিচয়ের অংশ ছিল। সেই স্মৃতি ধরে রাখতেই নতুন গাছ দুটি লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।
কনের ভাই শিশির সরকার বলেন, পুরোনো গাছের স্মৃতি ধরে রাখার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে তাঁর ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে।
কনের বাবা পবিত্র কুমার সরকার বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়ের স্মৃতি ধরে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, এই বিয়ের মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধনও তৈরি হয়েছে।
পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখানকার কিছু নিয়মকানুন অনুসরণ করেই এই বিয়ের মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






