বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মান পার্লামেন্টের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের এক বৈঠকে এই গুরুত্বারোপ করা হয়। জাগো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে তারা জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন খাত ও বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
উভয় পক্ষ অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান, ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত মতবিনিময়, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্য চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ আরও গভীর করার ওপরও জোর দেয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময়ের ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ ছাড়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের ক্ষেত্রে জার্মানির সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে তারা সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন। প্রতিমন্ত্রী জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জবাবে জার্মান এমপি নিকোলাস জিপেলিয়াস আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






