বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সকিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১৫ জন নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার।

মৃত সকিনা বেগম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দার মানিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২২ হাজার ৬৯৪ জন ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২২৪ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৩৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের।

ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি বলেন, এ পরিস্থিতিতে চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে কিছু করা সম্ভব হবে না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে বলে তিনি পরামর্শ দেন।

Source: জাগো নিউজ২৪