হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ ফেরত এক তরুণ যাত্রী তাঁর লাগেজ কাটার অভিযোগ করেন। তিনি বাংলাদেশ জাতীয় ফেন্সিং দলের একজন খেলোয়াড় বলে জানা যায়। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে লাগেজ ব্যবস্থাপনা সংক্রান্ত ফুটেজ পর্যবেক্ষণসহ ক্ষতিপূরণ প্রাপ্তির দায়িত্ব নেন আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিস্তারিত জানান ম্যাজিস্ট্রেট নওশাদ খান। পোস্টে তিনি লেখেন, ‘গতকাল (রোববার) রাতে একজন ওমরাহ ফেরত তরুণ যাত্রী অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় আমার কাছে অভিযোগ জানালেন যে তাঁর লাগেজ সম্পূর্ণ কেটে ফেলেছে আমাদের দেশের এয়ারপোর্টের লোকজন।’

ম্যাজিস্ট্রেট নওশাদ জানান, অভিযোগকারী যাত্রী রাগে তাঁর লাগেজ খুলেও দেখেননি, কিছু মিসিং কি না চেকও করেননি এবং লাগেজ রিসিভও করেননি। কাটা লাগেজ বেল্টে দেখেই তিনি সরাসরি ক্ষোভ জানাতে আসেন।

ম্যাজিস্ট্রেট নওশাদ আরও জানান, ‘সব অভিযোগ জানিয়ে একটু পর জানালেন তিনি বাংলাদেশের একজন ন্যাশনাল ফেন্সিং প্লেয়ার। যুক্তরাষ্ট্রে তাঁর ছোট থেকে বেড়ে ওঠা। তবে তিনি এক পর্যায়ে দেশে ফিরে প্রফেশনাল খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। তুলনামূলক কম পরিচিত এই ফেন্সিং ইভেন্টের ন্যাশনাল প্লেয়ার হিসেবে তিনি নিজের যোগ্যতায় স্পন্সর জোগাড় করে অনেক দেশে লাল-সবুজের পতাকা নিয়ে টুর্নামেন্ট খেলেছেন। কিন্তু একাধিকবার দেশের বিমানবন্দরে কাটা লাগেজ পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ তিনি। এবার লাগেজ কাটা পেয়ে রাগ করে আমাকে বলেছেন তিনি আর এদেশের পতাকা নিয়ে খেলতেই চান না।’

ম্যাজিস্ট্রেট লেখেন, ‘শেষের কথাটি শুনে খুব খারাপ লেগেছে! কারণ তিনি বিশ্বাস করেন তাঁর লাগেজ বিদেশে কেউ কাটেনি, অবশ্যই এদেশে আসার পরই নিশ্চয়ই কেউ লাগেজ কেটে কিছু চুরি করেছে। এর আগেও তিনি লাগেজ কাটা পেয়েছেন। ওনার এই বিশ্বাসটা আজই (সোমবার) পরিবর্তন করব ভাবলাম।’

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ওনাকে বহনকারী এয়ারলাইনস ওনার ক্ষতিগ্রস্ত লাগেজের বিধিমোতাবেক ক্ষতিপূরণ দেবে সেটা সেই এয়ারলাইনসকে বলে দিলাম। বিমানের নিরাপত্তা বিভাগের জিএম মেজর ফারহান ভাইকে ফোন করলাম। বিমানের সিকিউরিটি টিম এল। সঙ্গে সঙ্গে ওনাকে সার্ভার রুমে নিয়ে যেতে বললাম। আরও বলে দিলাম যেন ওনাকে বহনকারী বিমানের কার্গো হোল্ড থেকে তাঁর লাগেজটি লাগেজ বেল্ট পর্যন্ত কে কীভাবে লাগেজ ব্যবস্থাপনা করেছে বডি ওয়ার্ন ক্যামেরার ফুটেজে সেটা দেখানোর জন্য। তবে যদি কেউ এদেশে আসার পর লাগেজ কেটে কিছু চুরি করে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব ভুক্তভোগীকে জানিয়ে দিলাম।’

এরপর শুরু হয় বডি ক্যামেরার ফুটেজে লাগেজ খোঁজার প্রক্রিয়া। তিনি লেখেন, ‘প্রায় আধা ঘণ্টা পর আমাদের ন্যাশনাল অ্যাথলেট ফিরে এলেন। এবার হাসিমুখে! আমার রুমে এসে জানালেন তিনি নিজে দেখেছেন তাঁর ব্যাগ কাটা অবস্থায়ই এদেশে এসেছে। লাগেজ কর্মীরা কাটা লাগেজটাই রিসিভ করেছেন। এ দেশের বিমানবন্দরের কর্মীরা তাঁর লাগেজ কাটেনি বা কিছু চুরি করেনি। এ বিষয়ে তাঁর ধারণা সম্পূর্ণ ভুল ছিল!’

ফেসবুক পোস্টে ম্যাজিস্ট্রেট নওশাদ খান লেখেন, ‘প্রতিটি বিমান থেকে লাগেজ নামানোর সময় বডি ওয়ার্ন ক্যামেরা চালু করে তিনজন কর্মী বিমানের ভেতর থেকে লাগেজ নামিয়ে সিসি ক্যামেরা আচ্ছাদিত স্থানে এনে লাগেজ বেল্টে ডেলিভারি দেন, যা আবার স্বচ্ছতার স্বার্থে লাগেজ বেল্ট এলাকায় বড় মনিটরে সরাসরি সম্প্রচার হচ্ছে। এমন সুরক্ষিত ব্যবস্থা আমাদের দেশে আছে দেখে তিনি অবাক হয়েছেন। এত সিসি ক্যামেরা আর বডি ওয়ার্ন ক্যামেরা থাকার কারণে দেশে আসার পর লাগেজ কেটে চুরি প্রায় অসম্ভব সেটা অনুধাবন করছেন। জানালাম বিশ্বের অনেক উন্নত দেশের বিমানবন্দরেও লাগেজ ব্যবস্থাপনায় এমন শতভাগ বডি ওয়ার্ন ক্যামেরার কাভারেজ নেই।’

টিম এয়ারপোর্ট ও বাংলাদেশ বিমানের কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘একজন ন্যাশনাল অ্যাথলেটের দেশের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ তাদের সবাইকে।’

ম্যাজিস্ট্রেট নওশাদ খান জানান, অভিযোগকারী ন্যাশনাল প্লেয়ার বিস্তারিত নিজের চোখে দেখে জানিয়েছেন যে ‘আমাদের বিমানবন্দরে লাগেজ কেটে চুরি করে’ এই বিশ্বাস নিয়ে দেশের প্রতি আর ক্ষোভ জানাবেন না। তিনি আরও বলেন, ‘দেশের পতাকা নিয়ে আর খেলবেন না—এটা দেশের প্রতি অনেক ভালোবাসা আর ক্ষোভ থেকেই বলেছিলেন। সব কিছু সচক্ষে দেখে তাঁর ভুল ভেঙেছে!’

ম্যাজিস্ট্রেট নওশাদ খানের ভাষ্যমতে, ‘সবাই এখন জানেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যদি কেউ যাত্রীর লাগেজ কাটে বা কিছু চুরি করে তবে এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করে। তবে, আমরা বিশ্বাস করি গুটিকয়েক অপরাধীর কারণে বাকি সব নিষ্ঠাবান মানুষের সম্মানহানি করা উচিত নয়। তাই তাদের সম্মান পুনরুদ্ধারে আমাদের সাধ্যের মধ্যে সমস্যাগুলো সবাইকে নিয়ে দ্রুততম সময়ে সমাধান করে মানুষের আস্থা অর্জন করতে চেষ্টা করে যাচ্ছি।’

শেষে তিনি লেখেন, ‘আর সব ক্ষেত্রে মন্দ বিষয়গুলোর গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো বিস্তারিত জেনে মানুষকে জানানো গেলে দেশের প্রতি বিশ্বাস সহজে হারাবে না বলে বিশ্বাস করি। দেশ আমাকে কী দিয়েছে না ভেবে, আমি দেশকে কী দিচ্ছি সেটাও ভাবা যায়! অটুট থাকুক আমাদের দেশপ্রেম! ভালো থাকুক আমাদের বাংলাদেশ!’

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪