রাজধানীর পল্লবী এলাকায় পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচের জানালা পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করে রাখা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়।
ঘটনার সঙ্গে কারা জড়িত বা কারা এই আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






