রাজধানীর ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রুহুল আমিন (৩১) ও ইয়াসিন (২৬)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ভাটারা থানার বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানাধীন নূরের চালা বোটঘাট এলাকায় থানার একটি দল বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন রুহুল আমিন ও ইয়াসিন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪