কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে অভিভাবকীয় নজরদারির সুযোগ এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ১৩ থেকে ১৭ বছর বয়সী সন্তানদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো এই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে প্লাটফর্মটি। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক্সের পক্ষ থেকে এ সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

নতুন এই সুবিধার আওতায় অভিভাবকেরা সন্তানের দৈনিক স্ক্রিন টাইম নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়া, গত সাত দিনে সন্তান প্লাটফর্মটি কতক্ষণ ব্যবহার করেছে, সেই তথ্যও দেখতে পারবেন তাঁরা।

প্যারেন্টাল কন্ট্রোল চালু হলে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে নতুন অনুসারী যুক্ত হওয়ার আগে অভিভাবকের অনুমতি নিতে হবে। ফলে, অভিভাবকের অনুমতি ছাড়া কেউ ওই অ্যাকাউন্ট অনুসরণ করতে পারবেন না।

একইসঙ্গে, প্লাটফর্মটির সুপারিশ করা পোস্ট ও ভিডিওগুলোর মধ্যে কোনটি সন্তানের সামনে আসবে, তা-ও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। চাইলে শুধু সন্তান যেসব অ্যাকাউন্ট অনুসরণ করে, সেগুলোর পোস্ট ও ভিডিও দেখানোর ব্যবস্থা করা যাবে।

নির্দিষ্ট শব্দযুক্ত পোস্ট বাদ দেওয়া, সংবেদনশীল বিষয়বস্তু সীমিত করা এবং কারা সন্তানকে ব্যক্তিগত বার্তা পাঠাতে পারবেন, তা-ও নিয়ন্ত্রণের সুযোগ থাকবে তাঁদের হাতে।

তবে, অভিভাবকেরা সন্তানের পাঠানো বা পাওয়া বার্তা পড়তে পারবেন না। শুধু সন্তান কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে বার্তা আদান-প্রদান করেছে, তা দেখতে পারবেন। এছাড়া, সন্তান প্লাটফর্মটিতে কী লিখে খোঁজাখুঁজি করেছে কিংবা কোন পোস্ট ও ভিডিও দেখেছে, সেই তথ্যও জানতে পারবেন না তাঁরা। অভিভাবকেরা সন্তানের হয়ে কোনো পোস্ট দিতে বা তাঁর অ্যাকাউন্ট থেকে কিছু লিখতেও পারবেন না।

প্রতিষ্ঠানটির নিরাপত্তাপ্রধান মাইকেল ও’হারলিহি এ প্রসঙ্গে বলেন, “অভিভাবকেরা সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কার্যকর কিছু সুবিধা চান। তবে, কিশোর-কিশোরীদেরও নিজেদের মতো বেড়ে ওঠার সুযোগ থাকা প্রয়োজন। নতুন এ সুবিধার মাধ্যমে পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণের সীমা ঠিক করতে পারবে। একই সঙ্গে, অ্যাকাউন্টের মালিকানা থাকবে কিশোর-কিশোরীদের হাতেই।”

অভিভাবকীয় নজরদারি চালু করতে হলে অভিভাবক ও কিশোর-কিশোরী উভয়ের সম্মতির প্রয়োজন হবে বলে জানিয়েছে এক্স। একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচটি অ্যাকাউন্টে নজর রাখতে পারবেন। তবে, একজন কিশোরের অ্যাকাউন্টে একবারে একজন অভিভাবকই নজরদারির সুযোগ পাবেন।

অভিভাবকেরা কোনো পরিবর্তন করলে সেটিও দেখতে পারবে সন্তান। কোনো কিশোরের বয়স ১৮ বছর হলে অভিভাবকীয় নজরদারি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

Source: জাগো নিউজ২৪