সিলেটে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃত শিশু তিনটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নিশ্চিত হামে মারা গেছেন ১০ জন। বাকি ২২৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
মৃত শিশুদের বিস্তারিত তথ্য
প্রতিবেদনে মৃত তিন শিশুর বিস্তারিত পরিচয় জানানো হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ৯ মাস। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়। দ্বিতীয় শিশুটির বয়স ৫ মাস। তার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। তৃতীয় শিশুটির বয়স ১ বছর। তার বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়।
নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত (২৭ নভেম্বর পর্যন্ত) সিলেট বিভাগে ১ হাজার ৯২১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক এই সংখ্যা হচ্ছে— সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৯৬৮ জন, সিলেট জেলায় ৪৮৬ জন, হবিগঞ্জ জেলায় ২৯৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১৭২ জন।
নতুন রোগী ভর্তি ও চিকিৎসাধীন
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭০ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১৮ জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন।
Source: জাগো নিউজ২৪






