মাগুরায় স্ত্রী হত্যার মামলায় মোসলেম উদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ নভেম্বর রাত ৩টার দিকে স্ত্রী মেরিনা বেগমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন মোসলেম উদ্দিন। কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মোসলেম উদ্দিন স্ত্রীকে গলা টিপে ধরেন। পরে মেরিনা বেগমের মৃত্যু নিশ্চিত করে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।
ওই দিনই নিহতের ভাই মনসের আলী বাদী হয়ে শ্রীপুর থানায় মোসলেম উদ্দিন মণ্ডলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ জানুয়ারি শ্রীপুর থানার এসআই আনসারুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন জানান, আসামি মোসলেম উদ্দিন মণ্ডল ২০২৩ সালের ৩০ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আসামি মোসলেম উদ্দিন মণ্ডল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরপাড়া গ্রামের মৃত শাহাদত মণ্ডলের ছেলে।
তথ্যসূত্র: জাগো নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






