পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে সীমান্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। বিজিবি জানায়, জেলার প্রায় ১৩৬ কিলোমিটার দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সীমান্ত এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি)। স্থানীয়দের সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে।
সীমান্তে নানা অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক সভাও করছে বিজিবি। পঞ্চগড় উপজেলা সদরের মীরগড় সীমান্ত এলাকার বাসিন্দা ময়নদ্দীন বলেন, এর আগেও আমরা বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকায় টহল দিয়েছি। আবারও আমাদের সীমান্তে বিজিবির বিশেষ সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তায় বিজিবি সব সময় সজাগ রয়েছে। বর্তমানে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহলের পাশাপাশি সীমান্তে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






