কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম সামনে এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে দলের প্রার্থী হিসেবে আবারও তাঁকেই মনোনয়ন দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

খ্যাতিমান এ হৃদরোগ বিশেষজ্ঞ এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেসময় তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বিপক্ষে লড়ে ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পেয়েছিলেন। মাত্র ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতিতে যুক্ত। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) হন। বর্তমানে তিনি দলটির নীতিনির্ধারণী ফোরাম ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি আলোচনায় আনেন।

বর্তমানে জিহাদ খান ইবনে সিনা হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটিতে ২৫ নভেম্বর শূন্য দেখিয়ে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২০২৭ সালের ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি।’

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪