দেশের প্রেক্ষাগৃহে বছরে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে ৬০ শতাংশ দেশি এবং ৪০ শতাংশ বিদেশি সিনেমা রাখার বিধান করা হয়েছে। তবে সরকারের অনুমোদন নিয়ে বিদেশি সিনেমা প্রদর্শনের হার সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। একই সঙ্গে চলচ্চিত্রের প্রচারসামগ্রী প্রকাশ, বিদেশি শিল্পী ও কলাকুশলীদের কাজ, যৌথ প্রযোজনা এবং চলচ্চিত্র আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বিধিমালা, ২০২৬’-এ এসব বিধান রাখা হয়েছে বলে জানা গেছে।
গত ২২ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে তা গেজেটে প্রকাশ করেছে সরকার। নতুন বিধিমালায় চলচ্চিত্রের সার্টিফিকেশন, প্রদর্শন ও প্রচার কার্যক্রম পরিচালনার বিভিন্ন প্রক্রিয়া বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।
দেশি-বিদেশি সিনেমার অনুপাত
নতুন বিধিমালায় প্রেক্ষাগৃহে দেশি ও বিদেশি সিনেমা প্রদর্শনের অনুপাত নির্ধারণ করে দেওয়া হয়েছে। বছরে প্রদর্শিত মোট চলচ্চিত্রের ৬০ শতাংশ দেশি এবং ৪০ শতাংশ বিদেশি হতে হবে। তবে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিদেশি সিনেমার প্রদর্শনের হার বাড়িয়ে সর্বোচ্চ ৬০ শতাংশ করা যাবে।
এর আগে ১৯৭৭ সালের ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরশিপ বিধিমালা’ অনুযায়ী, বছরে মোট প্রদর্শন সময়ের অন্তত ৮০ শতাংশ দেশি চলচ্চিত্র এবং বাকি ২০ শতাংশ বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের বিধান ছিল। সরকারের অনুমতি নিয়ে বিদেশি চলচ্চিত্রের প্রদর্শন সময় সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বাড়ানো যেত।
প্রচারসামগ্রী ও শিল্পী পরিবর্তন
নতুন বিধিমালার ১৫ নম্বর বিধিতে প্রচারসামগ্রী অনুমোদনের বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। কোনো চলচ্চিত্রের পোস্টার, ট্রেলার, টিজার, গান, সংলাপসহ যে কোনো প্রচারসামগ্রী প্রকাশের আগে বোর্ডের অনুমোদন নিতে হবে। নির্মাণাধীন চলচ্চিত্রের প্রচারসামগ্রী অনুমোদনের জন্য আবেদন করার সময় প্রযোজক বা স্বত্বাধিকারীকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। এতে উল্লেখ করতে হবে, প্রচারসামগ্রীতে যেসব শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহণ দেখানো হয়েছে, সার্টিফিকেশনের জন্য জমা দেওয়া চলচ্চিত্রেও তাদের অংশগ্রহণ থাকবে।
মৃত্যু কিংবা অনিবার্য কোনো কারণ ছাড়া প্রচারসামগ্রীতে দেখানো কোনো শিল্পী বা কলাকুশলী চূড়ান্ত চলচ্চিত্রে না থাকলে সেটি বিধিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ কারণে চলচ্চিত্রটি সার্টিফিকেশন পাওয়ার অযোগ্য হবে। কোনো প্রচারসামগ্রী অনুমোদনের অযোগ্য বিবেচিত হলে বোর্ড আবেদন বাতিল করতে পারবে। তবে বাতিলের কারণ উল্লেখ করে অনধিক ১৫ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে জানাতে হবে।
ধূমপান, মাদক ও বন্যপ্রাণীর দৃশ্যে সতর্কবার্তা
চলচ্চিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য থাকলে নির্দিষ্ট স্বাস্থ্য সতর্কবার্তা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, ধূমপান বা তামাক সেবনের দৃশ্য চলার পুরো সময় পর্দার মাঝখানে পর্দার আকারের অন্তত এক-পঞ্চমাংশ জায়গাজুড়ে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা অক্ষরে ‘ধূমপান/তামাক সেবন মৃত্যু ঘটায়’ সতর্কবার্তা দেখাতে হবে।
প্রেক্ষাগৃহে এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনের আগে, বিরতির ঠিক আগে ও পরে এবং প্রদর্শন শেষে অন্তত ২০ সেকেন্ড পুরো পর্দাজুড়ে সতর্কবার্তাটি দেখাতে হবে। টেলিভিশন বা অন্য মাধ্যমে প্রদর্শনের ক্ষেত্রে দুটি বিজ্ঞাপন বিরতির মধ্যবর্তী অংশে প্রথম বিরতির পর এবং দ্বিতীয় বিরতির আগে অন্তত ১০ সেকেন্ড সতর্কবার্তা দেখাতে হবে।
একইভাবে চলচ্চিত্রে মাদকদ্রব্য ব্যবহারের দৃশ্য থাকলে দৃশ্য চলার পুরো সময় ‘মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ সতর্কবার্তা প্রদর্শন করতে হবে। বন্যপ্রাণী ব্যবহারের দৃশ্য থাকলেও দৃশ্য চলাকালে ‘চলচ্চিত্র নির্মাণকালে কোনো বন্যপ্রাণীকে আঘাত করা হয়নি’ শীর্ষক সতর্কবার্তা দেখাতে হবে। এসব সতর্কবার্তার জন্যও পর্দার অন্তত এক-পঞ্চমাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে।
বিদেশি শিল্পী নিয়ে কঠোর শর্ত
বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী ও সংগীতশিল্পী যুক্ত করার ক্ষেত্রেও নতুন করে বিস্তারিত শর্ত নির্ধারণ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, বিদেশি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে প্রযোজকের সম্পাদিত চুক্তিপত্র বোর্ড কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট শিল্পীর দেশের মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে জমা দিতে হবে।
বিদেশি কোনো শিল্পী বাংলাদেশের যে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হবেন, সেই চলচ্চিত্র ছাড়া অন্য কোনো চলচ্চিত্রে অভিনয় বা কাজ করতে পারবেন না। চুক্তিপত্রে বাংলাদেশে তার অবস্থানের স্থান ও সময় উল্লেখ করতে হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের প্রয়োজন হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এছাড়া বিদেশি শিল্পী ও কলাকুশলীদের দেওয়া পারিশ্রমিক বা সম্মানির ওপর সরকার নির্ধারিত হারে উৎসে আয়কর পরিশোধের প্রমাণকসহ জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট পত্র বোর্ড কার্যালয়ে জমা দিতে হবে।
অন্যদিকে, বাংলাদেশি চলচ্চিত্রের দৃশ্য ধারণের জন্য বিদেশে যাওয়ার আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
যৌথ প্রযোজনায় শিল্পী ও কলাকুশলী নিয়োগে সমানুপাতিক হার
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন এক বা একাধিক দেশের সঙ্গে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ করা যাবে। তবে নির্মাণ শুরুর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। যৌথ প্রযোজনার চলচ্চিত্রে প্রধান চরিত্রের অভিনয়শিল্পী, মুখ্য কারিগরি কর্মীসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলী যতদূর সম্ভব দুই দেশের পক্ষ থেকে সমানুপাতিক হারে নিয়োগ করতে হবে।
একইভাবে চলচ্চিত্রের শুটিং লোকেশনও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে যতদূর সম্ভব সমানুপাতিক হারে রাখতে হবে। চলচ্চিত্রের প্রচারসামগ্রীতে যৌথ প্রযোজনার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উভয় দেশের শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি সমান গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে।
যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ভাষা নির্মাতা নির্ধারণ করবেন। তবে বাংলা ছাড়া অন্য ভাষায় নির্মিত চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শনের ক্ষেত্রে বাংলায় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের ক্ষেত্রে ইংরেজিতে ডাবিং অথবা সাবটাইটেল থাকতে হবে।
বিদেশি চলচ্চিত্র আমদানি ও রপ্তানিতে কাগজপত্র
আমদানিকৃত চলচ্চিত্রের সার্টিফিকেশন নিতে হলে আবেদনপত্রের সঙ্গে আমদানি-সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে এক্সামিনেশন রিপোর্ট, অ্যাসেসমেন্ট নোটিশ, এয়ারওয়ে বিল, বিল অব এন্ট্রি, ইনভয়েস, এলসিএ, আমদানি লাইসেন্স বা পারমিট, সার্টিফিকেশন সনদ বা সার্টিফিকেট অব অরিজিন, চুক্তিপত্র ও প্রেসবুক। এসব কাগজপত্রের পাশাপাশি ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি এফিডেভিটও জমা দিতে হবে।
অন্যদিকে সার্টিফিকেশন পাওয়া চলচ্চিত্র রপ্তানির ক্ষেত্রে সরকারের জারি করা রপ্তানি নীতি অনুসরণ করতে হবে। এ জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তি নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তিপত্র, এলসিএ বা টিটি, রপ্তানি লাইসেন্স বা পারমিট এবং সার্টিফিকেশনের কপি জমা দিতে হবে।
সার্টিফিকেশন বাতিল হলে কী হবে
কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন পাওয়ার পর তাতে দৃশ্য, ভাষা, গান বা সংলাপ পরিবর্তন, পরিমার্জন কিংবা সংযোজন করা হলে আগের সার্টিফিকেশন আর কার্যকর থাকবে না। নতুন করে সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে। কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন সাময়িক স্থগিত, বাতিল বা বাজেয়াপ্ত হলে সেটির প্রচারসামগ্রীর অনুমোদনও স্বয়ংক্রিয়ভাবে স্থগিত, বাতিল বা বাজেয়াপ্ত হয়ে যাবে।
সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে সার্টিফিকেশন পাওয়া চলচ্চিত্র পুনরায় পরীক্ষার জন্য বোর্ডকে নির্দেশ দিতে পারবে। পুনঃপরীক্ষায় কোনো নির্দিষ্ট শিল্প, জাতিসত্তা, গোষ্ঠী, পেশা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক কিংবা কোনো জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিলে বোর্ড সার্টিফিকেশন বাতিল করতে পারবে।
তবে সার্টিফিকেশন সাময়িক স্থগিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সাত কার্যদিবসের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের কাছে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। আর বোর্ডের কোনো সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি সিদ্ধান্ত পাওয়ার ৩০ দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আপিল করতে পারবেন।
সার্টিফিকেশনের ফি ও শিক্ষার্থীদের জন্য ছাড়
শিক্ষার্থীদের চলচ্চিত্র সার্টিফিকেশনের জন্য পরীক্ষণ ফি ও স্ক্রিনিং ফি নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের শিক্ষার্থী কিংবা প্রশিক্ষণার্থীদের নির্মিত চলচ্চিত্রের জন্য মূল ফির ৫০ শতাংশ দিতে হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।
কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ হারিয়ে গেলে বা নষ্ট হলে পাঁচ হাজার টাকা ফি দিয়ে ডুপ্লিকেট কপি নেওয়া যাবে। হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে হবে। ডুপ্লিকেট সনদের আবেদনের সঙ্গে এ-চালানের মূল কপি এবং সাধারণ ডায়েরির কপি অথবা নষ্ট হয়ে যাওয়া সনদের মূল কপি জমা দিতে হবে।
আপিল কমিটির নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব
নতুন বিধিমালায় চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটির গঠনও নির্ধারণ করা হয়েছে। সাত সদস্যের এ কমিটির সভাপতি হবেন মন্ত্রিপরিষদ সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন আইন ও বিচার বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, কোনো বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অধ্যাপক পদমর্যাদার বিভাগীয় প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মনোনীত একজন চলচ্চিত্র নির্মাতা ও একজন চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে।
নতুন বিধিমালায় বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপ-পরিচালক ও চলচ্চিত্র পরিদর্শকদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোর্ডের কর্মকর্তাদের লাইসেন্সপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনস্থলে প্রবেশ, প্রদর্শনকালে চলচ্চিত্র পরীক্ষা এবং বিধি লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে। তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






