ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জানুয়ারি মাসের শেষ পর্যন্ত অর্থের জোগান রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে চাইলে যে কোনো সময় এ যুদ্ধ বন্ধ করতে পারে ওয়াশিংটন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ট্রাম্প জানান, জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে যুদ্ধ পরিচালনায় তাঁর প্রশাসনের সামরিক বিকল্প সীমিত হয়ে আসতে পারে। এ সময় যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের সম্ভাব্য উদ্যোগের সমালোচনাও করেন তিনি।

ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য পরাজয়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের নিশ্চিত বিজয়ও শেষ পর্যন্ত পরাজয়ে রূপ নিতে পারে।’

এ সময় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে আবারও দাবি করেন তিনি।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে সামরিক অভিযান চালানোর সুযোগ কমে আসতে পারে কি না, এমন প্রশ্ন করা হয় ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, ‘জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থের জোগান রয়েছে যুক্তরাষ্ট্রের।’ তবে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় যুদ্ধ বন্ধও করতে পারে। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই এই যুদ্ধের ইতি টানতে পারি।’

এদিকে, ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ট্রাম্প। ইরানে সরকার পরিবর্তন সম্ভব হলেও এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধের মূল উদ্দেশ্য নয় বলে জানান তিনি। বরং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর প্রধান লক্ষ্য। এ ছাড়া, ইরানে সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে তাঁর কোনো অবস্থান নেই বলেও জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Source: জাগো নিউজ২৪