ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয়দিন পর সাইদুর ইসলাম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুর ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম জহুরা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে শিঙাড়া আনতে বের হয়েছিল সাইদুর। এরপর আর বাড়ি ফেরেনি সে।
ছোট্ট শিশুটির সন্ধানে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তাঁর সন্ধান না পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান পেতে সহযোগিতাও কামনা করা হয়। ছয়দিন পর বৃহস্পতিবার বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






