ভালো কাজের আশায় সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে আট বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। পুলিশ ও ওই সংস্থার কর্মীরা জানান, দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তাঁরা। ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। সেখানে আদালত তাঁদের দুই বছরের সাজা দেয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাঁদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Source: জাগো নিউজ২৪