রাজধানীর বনানী থানার অধীনে মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জাগো নিউজকে জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি আরও জানান, টিপু আলম মিলনের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না বা পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা পরে জানানো হবে।

এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।

বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে ওই সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না বলে জানান তিনি।

লাইভে ওই সাংবাদিক আরও বলেন, 'আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।'

তিনি আরও দাবি করেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন এবং লিফট বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মোবাইল ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪