গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদে লেনদেন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। লেনদেনে সমস্যার কারণে দফায় দফায় বন্ধ হয়ে গেছে অনেক এজেন্ট পয়েন্ট ও কাস্টমার কেয়ার সেন্টার। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত থেকে এ সমস্যা শুরু হয় বলে জানা গেছে। তবে গ্রামীণফোনে চালিত বিকাশ অ্যাকাউন্টগুলোতে বেশি সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি নগদসহ অন্য মোবাইল ব্যাংকিং সেবাতেও সমস্যা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিনগত রাত থেকেই গোপালগঞ্জের গ্রাহকরা বিকাশ ও নগদে আর্থিক লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েন। কেউ টাকা পাঠাতে, কেউবা টাকা তুলতে এসে পড়েন বিড়ম্বনায়।

লেনদেনের সমস্যার কারণে বিকাশের সার্ভিসিং পয়েন্ট বন্ধ থাকায় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে বিকাশ ও নগদের কাস্টমার কেয়ার সেন্টার, ডিস্ট্রিবিউশন অফিস ও বেশিরভাগ এজেন্ট পয়েন্ট বন্ধ রয়েছে। যে কয়েকটি এজেন্টের দোকান খোলা দেখা গেছে, সেগুলোতেও এজেন্ট ব্যাংকিং ছাড়া অন্য কোনো লেনদেন বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে এসে অফিস ও দোকান বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিকাশ থেকে বিভিন্ন গ্রাহকের ফোনে আসা এক বার্তায় জানানো হয়েছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত’।

গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র মন্ডল জাগো নিউজকে বলেন, ‘বুধবার দিনগত রাত থেকে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেশি সমস্যা দেখা যায়। এখন লেনদেন বন্ধ।’

রামদিয়া রাজার এলাকার বাসিন্দা ও কলেজছাত্রী ঐশি রায় জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বিকাশের লেনদেন পুরোপুরি বন্ধ। গ্রামীণফোনের সিম বাদে অন্যান্য মোবাইল সিমে সামান্য লেনদেন চললেও তাও বন্ধের পথে। মোবাইলে টাকা থাকলেও লেনদেন করা সম্ভব হচ্ছে না।’

এমন অচলাবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে ও নিয়মিত লেনদেনের ওপর নির্ভরশীল ব্যক্তিরা। কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক সাইফুল ইসলাম জানান, জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে সকাল থেকে বিভিন্ন দোকানে ঘুরেও তিনি ব্যর্থ হয়েছেন। কোথাও সার্ভার সমস্যার কথা বলা হচ্ছে, আবার কোথাও টাকা নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

কোটালীপাড়ার বিকাশ ও নগদ গ্রাহক আলম সিকদার বলেন, ‘রাত থেকেই আমার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। কল সেন্টারে যোগাযোগ করেও স্পষ্ট কোনো কারণ জানতে পারিনি।’

শহরের ক্ষুদ্র ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট কার্যক্রম বন্ধ থাকায় ক্যাশ আউট করা যাচ্ছে না। হাতে থাকা সচল কয়েকটি নম্বরের মাধ্যমে কোনোমতে কাজ সারছেন তারা।

গোপালগঞ্জের বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, লকডাউন পরিস্থিতি কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ৩০ নভেম্বর থেকে সেবা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪