স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকেও হারিয়ে চরম অসহায়ত্বের মুখে পড়া এক মাকে বগুড়া সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের (১৭) মা ইয়াসমিন খাতুনকে এই চাকরি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনে ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মাহবুবর রহমানের ছেলে।
গত ১৯ নভেম্বর সন্ধ্যায় মহানগরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয় গালিব। পরদিন সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে ইয়াসমিন খাতুন বলেন, ‘আমার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। অন্যের বাসায় সন্তান নিয়ে থাকছিলাম। স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছিলাম। এখন সেও চলে গেল। এই বিপদের সময় স্বাধীন ভাই আমার পাশে দাঁড়িয়েছেন, চাকরি দিয়েছেন। এতে আমি অনেক খুশি। তবে যারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘গালিবের বাবা জুলাই আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পরবর্তী সময়ে মারা যান। গালিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সেদিনই অসহায় মাকে সিটি করপোরেশনে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে চাকরির ব্যবস্থা করা হয়েছে।’
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ধূমপানের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো ও বাগবিতণ্ডার জেরে গালিবকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি মিশুককে (২২) আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রাম থেকে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে বগুড়া সদর থানার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






