জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় শিক্ষার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাহমুদপুর বাজার এলাকায় চরপলিশা কারিগরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ৬ শিক্ষার্থী রাস্তায় একসঙ্গে হৈচৈ করছিল। এ সময় তাদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ সংগঠনের কর্মী সন্দেহে বিএনপি নেতারা ছয় শিক্ষার্থীকে আটক করে মাহমুদপুর তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন। পরে সেখান থেকে তাদের মেলান্দহ থানায় নেওয়া হয়।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান দাবি করেন, শিক্ষার্থীরা ‘হয়ত মজার ছলে ঝুঁকে পড়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিল’। তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা গেছে তারা বিএনপি পরিবারেরই সন্তান। সেসময় স্থানীয় কয়েকজন তাদের ঘিরে ধরার চেষ্টা করে। তারা যাতে মবের শিকার না হয়, এজন্য নিরাপত্তার স্বার্থে তাদের ফাঁড়িতে ও পরে থানায় দেওয়া হয়।

মাহমুদপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা একসঙ্গে হৈচৈ করছিল। বিএনপি নেতাকর্মীরা তাদের আটক করে তদন্তকেন্দ্রে সোপর্দ করেছিলেন। পরে তাদের মেলান্দহ থানায় পাঠানো হয়। শিক্ষার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল কি না, সে বিষয়ে তিনি কিছু জানতে পারেননি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, স্থানীয় লোকজন ছয় শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছিলেন। পরে স্থানীয়রা ও শিক্ষার্থীদের অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

তথ্যসূত্র: জাগো নিউজ বাংলাদেশ।

Source: জাগো নিউজ২৪