চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ বাহিনী এসআরবি-৭। গ্রেফতার ব্যক্তির নাম মো. খোরশেদ আলম রনি (৩৫)। তিনি অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থিত মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনির একটি কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থানের তথ্য পায় এসআরবি-৭। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের সময় তার নাম ও পরিচয় নিশ্চিত করা হয়। তিনি হাটহাজারী উপজেলার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।

অভিযানের সময় রনির পরা জিন্স প্যান্টের ভেতর থেকে লোহার তৈরি ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত একটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

এসআরবি-৭ জানিয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Source: জাগো নিউজ২৪