দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থপাচার হয়েছে। তার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে ইনভয়েস ওভার ভয়েসের মাধ্যমে। তিনি বলেন, “বড় বড় দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা বেশি নয়।” বর্তমান কমিশন এসব বড় বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দুদককে আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা প্রকাশ করেন।
দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, “এদেশের প্রায় ৯৫ শতাংশ মানিলন্ডারিং হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। আর এটি হয়ে থাকে করপোরেট হাউজ ও ব্যাংকের মাধ্যমে।” কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। বর্তমান কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।”
কমিশন সচিব সাইদুর রহমান খান বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলেও তিনি জানান। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোরশেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফজলুল হক ও ঢাকা-১ এর আতিকুল আলম।
এর আগে কমিশন চেয়ারম্যান কমিশনারদ্বয় এবং সচিবকে নিয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






