চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে হত্যার শিকার হওয়া বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) তারই নাতি সিয়াম প্রধানিয়া (১৬) হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্যই তিনি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান। সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর এ তথ্য জানান।
ঘটনাটি ঘটে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। সে সময় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৪২ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে তারা। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের আদি বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।
পুলিশের জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই এই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে তার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার গলার সোনার চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর আরও জানান, সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে সোনার চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে। এর আগে, নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে সোমবার (২৩ নভেম্বর) তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Source: জাগো নিউজ২৪






