রাজশাহীতে এখনো জেঁকে বসেনি শীত। তবে সকালে কুয়াশা আর মৃদু ঠাণ্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এরই মধ্যে শীতের কাপড়ের বেচাকেনায় জমে উঠেছে নগরীর ফুটপাতের বাজার। কম দামে পছন্দের শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে নগরীর সাহেববাজার এলাকার ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। একই চিত্র রাণীবাজারের গোলচত্বর এলাকাতেও। সেখানে শীতের পোশাকের পাশাপাশি কম্বল কিনতেও ভিড় করছেন ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, তুলনামূলক কম দামে শীতের পোশাক পাওয়া যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে ফুটপাতের বাজার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পছন্দের পোশাক কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। তবে শুধু নিম্ন আয়ের মানুষই নন, তুলনামূলক সচ্ছল পরিবারের লোকজনকেও ফুটপাতের দোকানগুলোতে পোশাক কিনতে দেখা গেছে।
ছেলের জন্য সোয়েটার কিনতে আসা গৃহিণী সুইটি আক্তার জাগো নিউজকে বলেন, ‘তুলনামূলক কম দামে পোশাক পাওয়া যায়, তাই এসেছি। যে পোশাকের দাম এখানে ৩০০, সেটি মার্কেটে কিনতে গেলে ৮০০ টাকা চাইবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ফুটপাতের পোশাক বেশ ভালো।’
রাজশাহী কলেজের শিক্ষার্থী হিমেল বলেন, ‘শো-রুমে শীতের পোশাকের দাম অনেক বেশি। আমার বাজেট কম, তাই ফুটপাতেই পোশাক দেখছি। তবে ফুটপাতের পোশাক যে খুব একটা খারাপ, তা নয়। অল্প টাকায় ভালো পোশাক পাওয়া যায়।’
আরেক ক্রেতা লতিফ বলেন, ‘আমরা সাধারণত ফুটপাত থেকেই পোশাক কিনি। শো-রুমে যে দামে একটি পোশাক কিনতে হয়, সেই একই টাকায় ফুটপাত থেকে তিন-চারটি পোশাক কেনা সম্ভব। এছাড়া ফুটপাতের পোশাকের মান খুব একটা খারাপ নয়।’
এদিকে ব্যবসায়ীদের প্রত্যাশা, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতের শীতবস্ত্রের বাজারে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে। নগরীর জিরোপয়েন্টে শীতের পোশাক বিক্রি করছেন ব্যবসায়ী সিদ্দিক মুন্সি। তিনি বলেন, ‘শীতের শুরুতেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। বেচাকেনাও মোটামুটি ভালো। রাতে ক্রেতাদের আনাগোনা বেশি থাকে। তবে শীতের তীব্রতা বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।’
ব্যবসায়ী মিঠুন বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেচাকেনা ভালোই হচ্ছে। এখন শীতের পোশাকের চাহিদা বেশি। বিশেষ করে শিশুদের শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে। আমার দোকানে ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের শীতের পোশাক রয়েছে। সামনে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়বে বলে আশা করছি।’
সূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






