পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মিনগোরা শহরের বাসিন্দা ২৭ বছর বয়সী মেহরান খান। তিনি পেশায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি কর্মচারী। গত মঙ্গলবার অফিস থেকে বাড়ি ফিরছিলেন বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে। পাশের মাঠে চলছিল সোয়াত প্রিমিয়ার লিগের ম্যাচ। ব্যাটসম্যান আবরার লালা একটি বিশাল ছক্কা হাঁকালে বলটি সীমানা পেরিয়ে পাশের রাস্তার দিকে উড়ে আসে।

মেহরান বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি মোটরসাইকেল চালানো বন্ধুকে মাথা নিচু করতে বলেন। এরপর চলন্ত বাইকের ওপর হালকা দাঁড়িয়ে এক হাতে বলটি লুফে নেন। এই অবিশ্বাস্য ক্যাচ ধরার পর তার যে অনুভূতি হয়েছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি জানান। তার মনে হচ্ছিল তিনি অসাধারণ কিছু অর্জন করেছেন।

স্থানীয় এক টিকটক ব্যবহারকারী ক্যাচ ধরার ভিডিওটি আপলোড করার পর তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সাবেক অস্ট্রেলীয় ফাস্ট বোলার ব্রেট লিও তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আনবিলিভেবল ক্যাচ’। কিংবদন্তি এই ক্রিকেটারের প্রশংসা পেয়ে আনন্দে আত্মহারা মেহরান।

মেহরান জানান, যে খ্যাতি মানুষ বছরের পর বছর চেষ্টা করেও পায় না, মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও তাকে তা এনে দিয়েছে। এখন বাইরে বেরোলেই মানুষ তাকে চিনতে পারছে এবং সেলফি তুলতে চাইছে। সেদিন রাতে বাড়ি ফেরার পর পরিবারও তাকে দারুণ অভ্যর্থনা জানায়।

ক্যাচটি ধরার পর মেহরান ও তার বন্ধু মোটরসাইকেল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন। তখন ম্যাচের ধারাভাষ্যকার পুলিশকে অনুরোধ করেন তাদের থামিয়ে মাঠে ফিরিয়ে আনতে। মেহরান মাঠে ঢুকতেই ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দেন, মাঠের বাইরে থেকে যিনি ক্যাচটি ধরেছেন, তিনি এখন ভেতরে। সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও দর্শকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

টুর্নামেন্টের আয়োজকরা মেহরানকে ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে লিখেছেন, তিনি বলটি নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তবে মেহরান জানান, তিনি বলটি আয়োজকদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এখন স্মৃতি হিসেবে বলটি ফেরত পাওয়ার আশা করছেন তিনি।

আট মাস আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন মেহরান। তার বিশ্বাস, মেয়ের জন্মের পর থেকেই তার সৌভাগ্যের শুরু। মেয়ের ভাগ্যেই হয়তো এমন অবিশ্বাস্য ক্যাচ ধরতে পেরেছেন বলে মনে করেন পাহাড়ি অঞ্চলের এই সাধারণ যুবক।

তথ্যসূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক, জিও নিউজ, এএফপি

Source: জাগো নিউজ২৪