গতকাল বৃহস্পতিবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে দেখতে পান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সকালে কলেজ পরিদর্শনের সময় মন্ত্রী প্রথমে একজন নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি প্রশ্ন করেন, শিক্ষার্থীরা কোথায়। জবাবে ওই শিক্ষক জানান, ক্লাসে একজন ছাত্রী রয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষক আরও জানান, কলেজটিতে মোট ১৫ জন ছাত্রী রয়েছে। এরপর মন্ত্রী জানতে চান, ছাত্রীরা কি ক্লাসে আসে না। জবাবে শিক্ষক বলেন, না, তারা আসে না। তিনি উল্লেখ করেন, ওই দিন মাত্র একজন ছাত্রী উপস্থিত হয়েছে।
পরবর্তীতে আরেক শিক্ষক জানান, তারা নির্ধারিত সময়েই ক্লাসে এসেছেন। ক্লাস শুরুর সময় জানতে চাইলে তিনি বলেন, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। একপর্যায়ে ওই শিক্ষক আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনীহা রয়েছে। তাদের ফোন করে ক্লাসে আনতে হয়।
শিক্ষার্থীদের এমন অনিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
Source: জাগো নিউজ২৪






