সরকারের গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে গেলে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে যাওয়ার উদ্যোগ নিলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন বলে জানা গেছে। এর জবাবে মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা তৈরি করেছিল। পুলিশের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরকারের গঠন করা মজুরি বোর্ড নতুন বেতন ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Source: জাগো নিউজ২৪






