যশোরে অভিযান চালিয়ে ১৫টি সোনার বার ও একটি প্রাইভেট কারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) ও সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি সোনার বার ও একটি প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন—তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন।
Source: জাগো নিউজ২৪






