ভারতের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভারতের শিল্প খাতে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা’ থাকার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তা নাকচ করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার মধ্যেই এই শুল্ক প্রস্তাব সামনে এল। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) বিজ্ঞপ্তির বিষয়টি তারা খতিয়ে দেখেছে। ওই বিজ্ঞপ্তিতে ভারতসহ কয়েকটি অর্থনীতির কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল।
বুধবার (২৫ নভেম্বর) রাতে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, তদন্ত শুরুর বিজ্ঞপ্তি ও পরবর্তী প্রক্রিয়ার জবাবে বাণিজ্য দপ্তর জানিয়েছে, কোনো খাতেই ভারতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা নেই। ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এ প্রসঙ্গে নয়াদিল্লি জানায়, বাণিজ্য-সংক্রান্ত যে কোনো উদ্বেগ এই আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। এর আগে, বুধবার ট্রাম্প প্রশাসন জানায়, তারা বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক প্রস্তাব করছে। ভারতের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।
তবে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছালে ভারতীয় পণ্যের ওপর এই শুল্ক ১৭ শতাংশে সমন্বয় করা হতে পারে। দুই দেশের বাণিজ্য বিরোধ মেটাতে গত মাসে একটি অন্তর্বর্তী কাঠামো চুক্তির শর্তে পৌঁছানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ভারত।
তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল ও আনাদোলু এজেন্সি
Source: জাগো নিউজ২৪






