ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা তিন দিনের বৃষ্টিপাতে উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটের প্রান্তিক কৃষকেরা ফসল নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন। বৃষ্টিপাত থেমে গেলেও বিভিন্ন ফসলের মাঠে সৃষ্ট ক্ষত পুরোপুরি সারেনি। মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা আলুক্ষেত নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র দুশ্চিন্তা। এই সংকটময় মুহূর্তে ফসল রক্ষায় প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না, যা কৃষকদের আরও বিপাকে ফেলেছে।

সোমবার (২৩ নভেম্বর) জেলার কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন ফসলের মাঠ সরেজমিনে ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে আলু, সবজি ও ধানের জমিতে পানি জমে আছে। এতে করে জমিতে কর্তনকৃত ধান ও সদ্য রোপণ করা আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক নিজেই স্ত্রী-সন্তানদের নিয়ে মাঠের পানি নিষ্কাশনের কাজ করছেন।

কৃষকেরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ায় জমিতে পানি জমায় তারা চরম বিপাকে পড়েছেন। অতিরিক্ত বৃষ্টিতে আলুর বীজ পচে যাওয়া এবং আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন তারা। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে আবহাওয়ার বিরূপ প্রভাব—সব মিলিয়ে ফসলের ভবিষ্যৎ নিয়ে তাদের দুশ্চিন্তার দিন কাটছে।

জেলার ফসলের পরিসংখ্যান

জয়পুরহাট জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করেছেন কৃষকেরা। এর মধ্যে প্রায় চার হাজার হেক্টর জমির কাটা ধান ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া, প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে কিছু মাঠে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে।

কৃষকের বক্তব্য

জেলার গোড়না গ্রামের কৃষক সাইদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তিনি দেড় বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছিলেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে জমিতে কিছু পানি জমেছে। তিনি রোপণ করা আলুর বীজ পচে যাবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন। তিনি আরও জানান, এছাড়াও মাঠে আমন ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছে। শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান ঘরে তোলা সম্ভব হয়নি। বাধ্য হয়ে তিনি নিজেই জমিতে পানি নিষ্কাশনের কাজ করছেন।

একই এলাকার আরেক প্রান্তিক কৃষক আহসান হাবীব জানান, জমিতে আলু রোপণের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তবে তার আলুর জমিতে পানি জমতে না পারলেও বিভিন্ন এলাকায় অনেক ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে। শ্রমিক সংকটের কারণে সকাল থেকে জমিতে বাবা ও মাকে সঙ্গে নিয়ে পেঁয়াজের বীজ রোপণ করছেন তিনি। তার আলুর ক্ষতি না হওয়ার সম্ভাবনা থাকলেও এলাকার অনেকের জমিতে ফেলে রাখা আমন ধানের ক্ষতি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কৃষি বিভাগের নির্দেশনা

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে জেলার বিভিন্ন মাঠে কিছু আগাম জাতের আলু ও রোপণ করা বীজ আলুর ক্ষেত এবং ধান ও সরিষা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মাঠ পরিদর্শন করে কৃষকদের দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

Source: জাগো নিউজ২৪