নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুটি স্টিল মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার আউখাবো এলাকায় আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, কারখানা দুটির কালো ধোঁয়ায় আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকরা অতিষ্ঠ। ধোঁয়ায় শিল্পাঞ্চলের আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এমনকি কোনো কোনো পোশাক কারখানায় স্বয়ংক্রিয় অগ্নিনিরাপত্তা সতর্কসংকেত বেজে ওঠে, এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান।

তিনি বলেন, “কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুটি রড প্রস্তুতকারী কারখানায় অভিযান চালানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরও বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪