যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র নয় মাস অতিক্রম করেছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়া হবে। তখন অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুধু অংশগ্রহণের জন্য যাবে না, বরং পদকের জন্য লড়াই করবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলে জাগো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রদানের ঘোষণা দেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে ক্রীড়াঙ্গন কতটা গতি পেয়েছে, সিলেটের এই আয়োজনই তার জ্বলন্ত প্রমাণ। তিনি উল্লেখ করেন, ১২ বছর বয়সে এই সিলেট জেলা স্টেডিয়াম থেকেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

প্রধান বক্তা ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জিমখানা ক্লাবের সভাপতি ফয়সল আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।

প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশনের একটি এবং জেলার ১৩টি উপজেলা মিলিয়ে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়।

Source: জাগো নিউজ২৪