ভালো কাজের আশায় ভারতে গিয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত দিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—নাজমুল হাওলাদার ও নয়ন তারা (ছদ্ম নাম)। নাজমুল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। নয়ন তারা চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের মো. কাশেমের মেয়ে।

পুলিশ জানায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বাসা-বাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে আদালত তাদের তিন বছরের সাজা দেয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশ ফেরত আসা দুইজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দিয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুই নারী ও পুরুষকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪