বঙ্গোপসাগরের বুকে নির্জন দ্বীপ চর হেয়ার। চারদিকে সবুজ ম্যানগ্রোভ বন, বিস্তীর্ণ চর, গবাদিপশুর বিচরণ আর পাখির কলকাকলি। প্রকৃতির এমন অপরূপ পরিবেশের মাঝেই একটি গাছের ডালে ঝুলছে বিশাল আকৃতির ভিমরুলের বাসা। দূর থেকে দেখলে মনে হয়, প্রকৃতির হাতে তৈরি অদ্ভুত কোনো স্থাপনা। আর সেই বিস্ময়কর বাসা দেখতে প্রতিদিনই ভিড় করছেন কৌতূহলী পর্যটকরা। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার কেউ জীবনে প্রথমবারের মতো এত বড় ভিমরুলের বাসা দেখে বিস্ময় প্রকাশ করছেন।

তবে এই বাসাকে ঘিরে সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটেছে দ্বীপের বাসিন্দা স্বপন দালালের মনে। যে বাসাটি একসময় ভেঙে ফেলার কথা ভেবেছিলেন, এখন সেটিই রক্ষায় পাহারা দিচ্ছেন তিনি। পর্যটকদেরও সতর্ক করছেন, কেউ যেন বাসাটির ক্ষতি না করেন।

প্রায় ৩০ বছর ধরে চর হেয়ার দ্বীপে বসবাস করছেন স্বপন দালাল। মাছ ধরা, কৃষিকাজ আর মহিষ-ভেড়া পালন করেই চলত তার সংসার। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার পরিবার। স্বপনের মতো আরও সাত-আটটি পরিবার বসবাস করে এই নির্জন দ্বীপে।

স্বপন জানান, প্রায় চার বছর আগে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত বাড়তে শুরু করে। পর্যটকদের আনাগোনা দেখে তিনি একটি ছোট দোকান চালু করেন। পাশাপাশি তাদের খাবার ও প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা করেন। রাতযাপনে আগ্রহীদের জন্য রেখেছেন তাঁবুর ব্যবস্থাও। তার উদ্যোগে শুরু হওয়া সেই একটি দোকান থেকে বর্তমানে দ্বীপে দোকানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে।

দ্বীপের পরিবর্তন নিয়ে স্বপন দালাল বলেন, আগে জায়গাটি কলাগাছিয়া নামে বেশি পরিচিত ছিল। এখন চর হেয়ার নামেই মানুষ বেশি চেনে। পর্যটকদের যাতায়াত বাড়ায় এখানকার মানুষের জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে। স্থানীয় উন্নয়নের জন্য একটি এনজিওর সঙ্গেও কথা বলে কিছু কাজ করিয়েছি। একসময় দ্বীপটিতে ধান, তরমুজ ও বিভিন্ন ধরনের সবজির চাষ হতো। বর্তমানে অধিকাংশ কৃষিজমিতে গড়ে উঠেছে মাছের ঘের। স্বপনের দেওয়া তথ্যমতে, দ্বীপে প্রায় দেড় হাজার মহিষ রয়েছে।

যে বাসা ভাঙতে চেয়েছিলেন, সেটিই এখন তার কাছে প্রকৃতির সম্পদ স্বপন দালালের বাড়ির কাছেই প্রায় চার মাস আগে গাছের ডালে তৈরি হয় বিশাল আকৃতির ভিমরুলের বাসাটি। এর আগে বনের ভেতরে ছোটখাটো বাসা দেখেছেন তিনি। কিন্তু বসতবাড়ির এত কাছে এমন বড় বাসা আগে কখনো দেখেননি।

শুরুতে বাসাটি নিয়ে কিছুটা আতঙ্কিত ছিলেন স্বপন। ভেবেছিলেন, ঝুঁকি এড়াতে সেটি ভেঙে ফেলবেন। কিন্তু একজন সাংবাদিকের কাছ থেকে ভিমরুলের পরিবেশগত গুরুত্ব ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা সম্পর্কে জানার পর বদলে যায় তার ভাবনা।

স্বপন বলেন, বনের মধ্যে আগে ভিমরুলের বাসা দেখেছি। কিন্তু আমাদের বাড়ির কাছে এত বড় বাসা আগে কখনো দেখিনি। প্রথম দিকে ভেবেছিলাম বাসাটি ভেঙে ফেলব। পরে একজন সাংবাদিক ভাই বুঝিয়েছেন, এটি প্রকৃতিরই অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী। এরপর আর বাসাটি ভাঙার কথা ভাবিনি। বরং এখন যেন কেউ বাসাটি নষ্ট করতে না পারে, সেদিকে নজর রাখছি।

বাসাটিতে ভিমরুলের সংখ্যা নিয়েও কৌতূহল রয়েছে স্বপনের। তার ধারণা, এত বড় বাসার ভেতরে এক থেকে দেড় হাজারের মতো ভিমরুল থাকতে পারে। তিনি বলেন, শহরের অনেক মানুষ আছেন, যারা জীবনে কখনো এত বড় বাসা দেখেননি। এখন অনেক পর্যটক শুধু বাসাটি দেখতেই আসেন। আমরা সবাইকে দূর থেকে দেখতে বলি। বাসার কাছে যেন কেউ না যায়, ঢিল না ছোড়ে কিংবা ভিমরুলকে বিরক্ত না করে, সে বিষয়ে সতর্ক করি। পর্যটকদের নিরাপত্তার জন্য দূরে একটি সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর পরিকল্পনাও রয়েছে।

পর্যটকের চোখে নতুন বিস্ময় ঢাকা থেকে দুই দিনের জন্য কুয়াকাটায় বেড়াতে এসেছেন পর্যটক সোহেল। সেখান থেকে ট্যুরিস্ট বোট ভাড়া করে ঘুরতে যান চর হেয়ারে। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তার চোখে পড়ে বিশাল ভিমরুলের বাসাটি।

সোহেল বলেন, এখানকার প্রাকৃতিক পরিবেশ, সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, জিলাপি বাগান, মহিষ ও ভেড়ার পাল, অসংখ্য দ্বীপ-চর এবং পাখির কলকাকলি দেখে মুগ্ধ হয়েছি। একটি দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎ বিশাল ভিমরুলের বাসাটি চোখে পড়ে। ছোটবেলা থেকে ভিমরুলের বাসার কথা অনেক শুনেছি, তবে এত বড় বাসা সরাসরি এই প্রথম দেখলাম। এটি আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। বাসাটি পর্যটকদের চলাচলের জায়গার কাছাকাছি হওয়ায় সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো জরুরি।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভিমরুল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ভিমরুল এক ধরনের শিকারি পতঙ্গ। এরা সামাজিকভাবে বসবাস করে এবং দলবদ্ধভাবে বাসা তৈরি করে। বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় শিকার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রকৃতির খাদ্যশৃঙ্খল সচল রাখতেও এদের ভূমিকা রয়েছে।

তিনি জানান, বাংলাদেশে Vespa tropica ও Vespa affinis প্রজাতির ভিমরুল দেখা যায়। এসব প্রজাতি সাধারণত গাছের ডালে কাগজের মতো আবরণযুক্ত বড় বাসা তৈরি করে। গাছের বাকল, শুকনো কাঠ ও উদ্ভিদের আঁশ সংগ্রহ করে চিবিয়ে লালার সঙ্গে মিশিয়ে নরম মণ্ড তৈরি করে তারা। সেই মণ্ড দিয়ে ষড়ভুজাকৃতির ছোট ছোট প্রকোষ্ঠ তৈরি করা হয়, যেখানে ডিম পাড়া ও বাচ্চা লালন-পালন করে।

অধ্যাপক আরও বলেন, একটি পূর্ণাঙ্গ বড় বাসা তৈরি হতে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। অনুকূল পরিবেশে বাসার আকার ও কার্যক্রম পাঁচ থেকে আট মাস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাসায় ভিমরুলের সংখ্যা নির্ভর করে প্রজাতি, খাদ্যের প্রাপ্যতা, আবহাওয়া ও বাসার বয়সের ওপর। ছোট বাসায় কয়েক ডজন, মাঝারি বাসায় কয়েকশ এবং বড় ও পরিণত বাসায় কয়েকশ থেকে এক হাজারেরও বেশি ভিমরুল থাকতে পারে।

সংরক্ষণ ও নিরাপত্তায় বন বিভাগের নজর এ বিষয়ে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ভিমরুলের বাসাটি সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। পর্যটকরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাসাটি দেখতে পারেন এবং কেউ যেন সেটির ক্ষতি না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

সূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪