যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহারের নির্দেশ পাওয়ার চার দিন পর অবশেষে দাগনভূঞা থানা ছেড়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। শনিবার (২৮ নভেম্বর) ভোরের আগে তাকে থানা থেকে ডেকে ফেনীর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, ওসি নোমানকে বুধবার প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব হস্তান্তর ও তার নিজস্ব প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মধ্যে তার থানা ছাড়ার বিষয়টি নিয়ে দাগনভূঞায় আলোচনা চলছে। ওসি নোমানের বিভিন্ন কর্মকাণ্ড ও সাম্প্রতিক ফোনালাপ নিয়ে শনিবার জাগো নিউজের প্রতিবেদন প্রকাশের পর জেলা পুলিশ নড়েচড়ে বসে। এরপরই তাকে থানা থেকে ডেকে পুলিশ লাইন্সে নেওয়া হয়।
নতুন দায়িত্বে ফেরদৌসি বেগম
দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। তার দায়িত্ব পালনকালে দালাল বা মামলা বাণিজ্যে জড়িত কাউকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হবে বলে তিনি জানান।
ফোনালাপ ফাঁস ও প্রত্যাহার
নিষিদ্ধ সংগঠন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। মঙ্গলবার গভীর রাতে ফোনালাপটি ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। একই দিনে তাকে খাগড়াছড়িতে বদলির আদেশ হয়। তবে শুক্রবার রাত পর্যন্ত তিনি থানা ছাড়েননি।
পূর্বের অভিযোগ ও বিতর্ক
দাগনভূঞা থানায় দায়িত্ব পালনকালে এর আগেও বিভিন্ন অভিযোগ ও বিতর্কের মুখে পড়েছেন ওসি নোমান। গত ১০ আগস্ট আদালতের নির্দেশ অমান্য করে মামলা রেকর্ড না করার অভিযোগে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি মামলাকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করার অভিযোগ ওঠে ওসি নোমানের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। ওই আদেশে ওসিকে দায়িত্ব পালনের অযোগ্য বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় পুলিশ তদন্ত কমিটি গঠন করলেও তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি বলে অভিযোগ রয়েছে। ওই সময় তাকে প্রত্যাহারও করা হয়নি। এ ছাড়া রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গ্রেফতার এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে ওসি নোমানের বিরুদ্ধে। নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দাগনভূঞা থানায় যোগদানের পর থেকে মাদক কারবারিদের সঙ্গে সখ্যতার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






